মেডিকেলে ভর্তি পরীক্ষা এগিয়েছে
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হবে বলে রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিক্ষীৎ চৌধুরী জানিয়েছেন।
কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কোরবানির ঈদ থাকায় ভর্তি পরীক্ষা নিতে প্রয়োজনীয় জনবলের কথা মাথায় রেখে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগামী দুই/এক দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।
সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।
