২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীকে স্বাগত জানাতে সড়কে শিক্ষার্থীরা

ভোলায় মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসা দুই মন্ত্রীকে স্বাগত জানাতে সাড়ে তিন ঘণ্টা ধরে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 04:47 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার মৌলভীরহাট মডেল ফাজিল মাদ্রাসা ও গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী সড়কে দাঁড়িয়ে থাকে।

২০১৪ সালের ২৭ জানুয়ারি জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর উপর নিষেধাজ্ঞা দিয়ে তা অমান্য করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়ে পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মেঘনার ভাঙনকবলিত ইলিশা ফেরিঘাট এলাকার হার্ড পয়েন্ট পরিদর্শনে আসার কথা থাকলেও তারা পৌঁছেন বেলা সাড়ে ১২টায়।

স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সাংবাদিকদের জানায়, শিক্ষকদের নির্দেশেই তারা বই-খাতা নিয়েই রাস্তার দুপাশে দাঁড়ায়।

এ বিষয়ে মৌলভীরহাট মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এমপি তোফায়েল আহমেদকে স্বাগত জানাতে এসেছি। এখানে দোষের কিছু নেই।”

মন্ত্রীদের সংবর্ধনার জন্য ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে দলীয় বা উপজেলা পরিষদের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসার অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক তাদের নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল আহমেদ বলেন, “ঘটনাটি শুনেছি, বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।”

রোববার এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

</div>  </p>