চট্টগ্রামে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর নিমতলা বিশ্বরোড, রাহাত্তারপুল এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- অটোরিকশা চালক মো. মিজান (৩০), মো. জসিম (৪০) ও মো. জামশেদ (২৫)।
গত ৪ অগাস্ট বন্দর রিপাবলিক ক্লাব এলাকায় অটোরিকশাযোগে আসা ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে অরোহীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
ওই ঘটনায় করা মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, বুধবার রাতে বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে সিএনজি অটো রিকশাসহ মিজানকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত থেকে ভোর পর্যন্ত বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকায় অভিযান চালিয়ে জসিম ও জামশেদকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বরাত দিয়ে কামরুজ্জামান বলেন, “এরা নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে ছিনতাই করে থাকে।”
গত একবছরে তারা নগরীতে অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।
