২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের দুপক্ষের কর্মসূচিতে ফুলছড়িতে ১৪৪ ধারা

ছাত্রলীগের দুইপক্ষ একইস্থানে শোকসভা ও র‌্যালি আয়োজন করায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুলছড়ি (কালির বাজার) উপজেলা পরিষদ চত্বর এলাকায় সব ধরনের সভা-সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জানি করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল।

ফুলছড়ি থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ ও উদাখালি ইউনিয়ন ছাত্রলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর কালিরবাজার এলাকায় বৃহস্পতিবার দুপর ১২টার দিকে শোক সভার আয়োজন করে। একই সময়ে একই এলাকায় শোক সভার আয়োজন করায় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

“ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল আউয়াল কালিরবাজার উপজেলা পরিষদ চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।”

ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।