সমুদ্রে গোসলে নেমে যুবকের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে ঢাকা থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্ট থেকে মো. সুমন হোসেন নামে (২৫) ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার এসআই রাজীব কান্তি নাথ।
মৃত সুমন ঢাকার মিরপুরের উত্তর পীরেরবাগের এলাকার মৃত আবুল কাশেম মোড়লের ছেলে বলে জানান তিনি।
সৈকতের কর্তব্যরত রবি লাইফ গার্ডের কর্মীদের বরাত দিয়ে এসআই রাজীব জানান, বিকাল ৪টার দিকে বন্ধুরা মিলে সৈকতের সীগাল পয়েন্টে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের তোড়ে সুমন পানিতে তলিয়ে যান।
“পরে তার সঙ্গীরা বিষয়টি রবি লাইফ গার্ডের কর্মীদের জানালে অনেক খোঁজাখুজির পর সুমনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন তারা। দ্রুত সদর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
সুমনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান সদর হাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসকে শর্মা।
সুমনের বন্ধু ফরহাদ হোসেন জানান, গত মঙ্গলবার তারা ছয়জন কক্সবাজার আসেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তারা সমুদ্র সৈকতে গোসলে নামেন। পরে চার বন্ধু উঠে আসলেও সুমনসহ দুই বন্ধু গোসল করতে থাকে। একপর্যায়ে ঢেউয়ের প্রচণ্ড টানে সুমন পানিতে তলিয়ে যায়।
