২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা সংস্থাগুলোর সঙ্গে সিসিসির সমন্বয় চান মেয়র নাছির

নাগরিক সেবা নিশ্চিতের জন্য সরকারি সেবা সংস্থাগুলোর সঙ্গে সিটি করপোরেশনের (সিসিসি) সমন্বয়ের ভিত্তিতের কাজের উপর জোর দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 09:12 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বুধবার নগর ভবনে সিসিসির সঙ্গে ২৩ সরকারি সংস্থার সভায় তিনি বলেন, “সিসিসির কাছে নগরবাসীর যে প্রত্যাশা সেটা পূরণ করতে হলে অন্যান্য সংস্থার সহযোগিতা প্রয়োজন। সমন্বয়ের ভিত্তিতে কাজ না হলে সেটা যত বড় উন্নয়ন কাজই হোক তা জনদুর্ভোগ তৈরি করে।”

বাসযোগ্য পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে সমন্বয় সভার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাছির।

বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট ও পাম্প হাউজ নির্মাণ এবং কর্ণফুলী নদীতে নিয়মিত ড্রেজিং করতে পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, “নদীর পানির স্তরের সঙ্গে সমতলের স্তর খুব কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। ফলে জোয়ারের পানি একটু বাড়লেই নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।”

সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ জানান, কোথায় কয়টা স্লুইস গেইট দরকার সেটার জন্য একটা সমীক্ষা করা প্রয়োজন।

স্লুইস গেইট নির্মাণে দ্রুত কাজ করার পাশাপাশি ড্রেনেজ সিস্টেম উন্নত করার উপরও জোর দেন নিজাম উদ্দিন।

‘ব্যক্তিগত গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহন চালু না করা পর্যন্ত যানজট দূর হবে না’- বলে মত দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ।

বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ নিজস্ব পরিবহন চালু করলে সেটাও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।  

টোল ফাঁকি দিতে বন্দরের অনেক ট্রাক ও লরি টোল রোড এড়িয়ে সরাসরি সাধারণ রাস্তা দিয়ে নগরীতে প্রবেশ করায় যানজট তৈরি হচ্ছে বলে সভায় বলেন সিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম।

পর্যাপ্ত ট্রাক ও বাস টার্মিনাল নির্মাণে ভূমি বরাদ্দ পেতে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয় সভায়।  

জবাবে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসনের কাছে ১০০ একর জমি চাওয়া হয়েছিল। তার বিপরীতে প্রশাসন সিসিসির কাছে আটশ ৩০ কোটি টাকা চেয়েছিল।

“সে সময় সিসিসি ওই পরিমাণ টাকা দিতে অপারগ ছিল। আমরা তাই শুরুতে ১০ একর জায়গা নেওয়ার প্রস্তাব করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে যদি সুনির্দিষ্ট নির্দেশনা পাই তাহলে জায়গা বরাদ্দ দিতে কোনো সমস্যা হবে না।”

মহাপরিকল্পনা ও অন্যান্য পরিকল্পনার ক্ষেত্রে সিসিসির মতামত নেওয়া, নালা-নর্দমা ভরাট হয় এমন কোনো স্থাপনা নির্মাণের অনুমতি না দেওয়া, উন্নয়ন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট, ব্রিজ ও বৈদ্যুতিক খুঁটির ক্ষতিপূরণ দেওয়াসহ মোট ২১টি বিষয়ে সহযোগিতা চাওয়া হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে।

প্রতি তিন মাস পর পর এ সমন্বয় সভার আয়োজন হবে বলে বৈঠকে জানান সিসিসি মেয়র।

সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শেখ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিআরটিএ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বাংলাদেশ টেলিকমিউশন লিমিটেড, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ নেভি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের চট্টগ্রাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।