মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে আলোচনা
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন সফররত মালেয়শীয় প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার সকালে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই আলোচনা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক মোস্তফা বিন ইবরাহীম নিজের নিজের দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
বৈঠকের আগে চার সদস্যের মালয়েশিয়ার প্রতিনিধি দলটি প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় এখন ১৫ লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। এই চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কত শ্রমিক নেওয়া হবে তার প্রাথমিক আলোচনা হয়েছে।
“এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। এ বিষয়ে মেকানিজমগুলো ফাইনালাইজ হলেই আমরা লোক পাঠাতে পারব। কোন প্রক্রিয়ায় তারা শ্রমিক নেবে, কবে থেকে নেবে, কী পরিমাণ নেবে, কোন কোন সেক্টরে নেবে- সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, ” বলেন তিনি।
গত ২৪ জুন কুয়ালালামপুরে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি আগামী ৩ বছরে ১৫ লাখ শ্রমিক নেবেন বলে জানিয়েছিলেন।
এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি হলে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো সরাসরি মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারবে।
বেসরকারি পর্যায়ে শ্রমিক পাঠানো হতে পারে এমন খবরে কিছু ‘প্রতারক প্রতিষ্ঠান’ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, “বিষয়টি এখনও চূড়ান্তই হয় নাই। কেউ যেন কোন প্রলোভনে পড়ে কাউকে টাকা দিয়ে প্রতারিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।”
মালয়েশিয়াতে লোক পাঠাতে ট্রেইনিং শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “এটি শেষ হয়ে যাওয়ার আগেই যদি কেউ বলে আমি নিয়ে যাব, সেটা সম্ভব না।”
জি টু জির জন্য আগের তেরি ডেটাবেইস থেকেই ট্রেইনিং দেওয়া হচ্ছে জানিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “এর সঙ্গে নতুন করে যারা আগ্রহী তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য সেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর সার্ভিস সেন্টার থাকতে হবে বলেও জানান নুরুল ইসলাম।
“তারা এখান থেকে শ্রমিক নেবে, তাদের কর্মক্ষেত্রে পৌঁছে দেবে। দেশ থেকে কতগুলো লোককে নিয়ে তো আমরা সেখানে ছেড়ে দিতে পারি না।”
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি (সরকারি পর্যায়ে) পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া। সে অনুযায়ী শুধু সরকারিভাবে মালয়েশিয়ার ‘প্ল্যান্টেশন’ খাতে শ্রমিক পাঠানো হচ্ছিল।
কিন্তু ‘প্ল্যান্টেশন’ খাতে কাজ করতে আগ্রহীর সংখ্যা কম হওয়ায় ওই উদ্যোগে আশানুরূপ সাড়া মেলেনি।
সে সময় প্রতি ছয় মাসে ৫০ হাজার শ্রমিক পাঠানোর লক্ষ্য ঠিক হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসেবে গত দুই বছরে পাঠানো হয়েছে মাত্র সাত হাজার।
এরপর জি টু জি পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জি টু জিতে কর্মী পাঠানোর জন্য ইতোমধ্যে আগ্রহীদের যে তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে, সেখান থেকেই বাছাই করে বি টু বি-এর মাধ্যমে শ্রমিক নেবে মালয়েশিয়া।
প্রত্যেক শ্রমিককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, এরপর তিনি আরও একবছর কাজ করার সুযোগ পাবেন।
