গ্রেপ্তার ৬ ‘চোরা শিকারি’ সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বাঘের চামড়াসহ আটক ছয়জনকে নিয়ে সুন্দরবনে অভিযানে গিয়ে তাদের লাশ নিয়ে ফিরেছে পুলিশ।
তারা সবাই রোববার বিকালে খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় চোরা শিকারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে পুলিশের দাবি।
নিহতরা হলেন- কয়রা উপজেলা এলাকার বাসিন্দা আনসার সানা (৫৫), সিদ্দিক সানা (৪৫), রফিকুল ইসলাম (৩৮), মজিদ গাজী (৩৫), মামুন গাজী (২৫) ও বাপ্পি হোসেন (২০)।
এর আগে ভোরে তিনটি বাঘের চামড়াসহ তাদের কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।
সেখান থেকে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই চোরা শিকারি ইলিয়াসের দলের সদস্য বলে পুলিশের দাবি।
জিজ্ঞাসাবাদের পর বিকালে ওই নারী বাদে অন্য ছয়জনকে নিয়ে সুন্দরবনে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে ফেরে লাশ ছয়টি নিয়ে।
‘বন্দুকযুদ্ধে’ কয়রা থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
তারা হলেন- ওসি হরেন্দ্র নাথ সরকার, উপ-পরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান, সিপাহী অলিয়ার রহমান ও আল-আমিন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাবিব বলেন, “চোরা বাঘ শিকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে শিকারিদের ছোড়া ছররা গুলি শরীরের বিভিন্ন স্থানে লেগে তারা আহত হন।”
‘বন্দুকযুদ্ধ’ হলেও এতে লিপ্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে চারটি বন্দুক, ১টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি এবং দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করেছে তারা।
সুন্দরবন (ফাইল ছবি)
সুন্দরবনে বাঘের সংখ্যা ধারণার চেয়ে এক-চতুর্থাংশ কমে ১০০টি বলে সাম্প্রতিক এক জরিপের তথ্য প্রকাশের পর বাঘের তিনটি চামড়াসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, “কয়রা থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা ইলিয়াস বাহিনীর সদস্য এবং সুন্দরবনের ভেতরে তাদের একটি আস্তানা রয়েছে এবং ওই আস্তানায় বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বাঘের আরও চামড়া রয়েছে।”
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে পুলিশের একটি বিশেষ দল বিকালে সুন্দরবনে অভিযানে বের হয় বলে জানান তিনি।
“বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান দলটি সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় চোরা শিকারিদের আস্তানার কাছে পৌঁছালে পুলিশের ওপর গুলিবর্ষণ হয়। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।”
দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় পুলিশের সঙ্গে থাকা ছয় ‘চোরা শিকারী’ গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে দাবি করেন পুলিশ সুপার।
“এক পর্যায়ে চোরা শিকারিরা পালিয়ে গেলে সেখান তল্লাশি চালিয়ে ৬ চোরা শিকারীর মৃতদেহ উদ্ধার করা হয়।”
লাশগুলো সোমবার কয়রা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাদের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, “চোরা শিকারিরা দীর্ঘ দিন ধরে সুন্দরবেনর বাঘ হত্যা করে চামড়া ও হাড় পাচার করে আসছিল।”
সুন্দরবনে বাঘের সংখ্যা সাড়ে চারশ’ বলে এতদিন ধারণা করা হত। তবে ক্যামেরা জরিপ চালিয়ে বন বিভাগ এই মাসেই বলেছে, বনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১০০টির মতো।
