২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র শিক্ষায় শিশুরা

‘বন্ধু তোমার একটি ভোটে, যোগ্যপ্রার্থী যাবে জিতে’, ‘মরিয়মের দুই নয়ন, আর্দশ স্কুলের উন্নয়ন’, ‘ভোটে এসেছি প্রথমবার, পাশে চাই আমি সবার’-  লাল-কমলা-হলুদ কাগজে হাতে লেখা এরকম শত শত পোস্টারে রঙিন রাজধানীর মিরপুরের আর্দশ উচ্চ বিদ্যালয়ে; উপলক্ষ স্কুল কেবিনেট ভোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে শিক্ষার্থীদের কেবিনেট গঠনের লক্ষ্যে এ বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে নির্বাচন অনুষ্ঠিত হল।

মিরপুরের আর্দশ উচ্চ বিদ্যালয়ের মতো সারাদেশের প্রতিটি উপজেলা ও মহানগরে সবমিলিয়ে এক হাজার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রসায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ চলে।

সকাল ১১টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে আর্দশ উচ্চ বিদ্যালয়ে যান।

মন্ত্রীর আগমনে ক্ষুদে ভোটারদের মধ্যে উত্তেজনা-উল্লাস যেন আরও বেড়ে যায়। শিক্ষামন্ত্রী ভোটগ্রহণ কক্ষে পরিণত হওয়া স্কুলের ক্লাসরুমের সামনে লাইনে দাঁড়ানো ভোটার-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

“কেমন লাগছে ভোট দিতে? কোনো সমস্যা হচ্ছে কি না?”- এসব প্রশ্ন করে খোঁজ-খবর নেন তিনি।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, সহনশীলতা ও মূল্যবোধ তৈরির উদ্দেশ্যে এই প্রথম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“ভবিষ্যতে তারাই এ দেশ গড়ে তুলবে, পরিচালনা করবে তাই তাদের এখন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ, অন্যের মতের প্রতি সহনশীলতার চর্চার প্রয়োজন রয়েছে। এই নির্বাচনে ছাত্র-ছাত্রীরাই নির্বাচন কমিশনার, তারাই পরিচালক, তাদের দ্বারাই সবকিছু অনুষ্ঠিত করা হচ্ছে। পরস্পরের প্রতি বিদ্বেষ নয়, অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যেই তারা চেষ্টা করবে।”

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আশা করি, আমাদের ছেলেমেয়েদের মাধ্যমে গণতন্ত্রের এই প্রক্রিয়া এগিয়ে যাবে। শিক্ষা, জ্ঞান, দক্ষতার পাশাপাশি গণতান্ত্রিক ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল চেতনায় তারা উজ্জীবিত হবে।”

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারিভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিকল্পনা রয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনে চলে। তারা নানা পরিস্থিতির কারণে সাহস করতে পারেন না।  আমরা যদি এখন নাও পারি…তাদের উপর তো চাপিয়ে দিতে পারি না। আজকের স্কুলের শিক্ষার্থীরাই একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে। তখন হয়ত ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়েও এর ইতিবাচক প্রভাব পড়বে।”

নির্বাচনে দাঁড়িয়ে কেমন লাগছে? নেতা হতে হলে কী গুণ থাকতে হয়- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে অষ্টম শ্রেণির প্রার্থী হৃদয় সূত্রধর বলেন, “একজন নেতা হতে হলে দক্ষতা, যোগ্যতা, লেখাপড়ায় যোগ্যতা, সকলের সঙ্গে মিলে মিশে কাজ করার যোগ্যতা, প্রকাশ করার যোগ্যতা লাগে।”

আপনার সেসব যোগ্যতা আছে- প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, “আমি তো দাঁড়াই নাই। সবাই মিলে দাঁড় করিয়ে দিয়েছে। না থাকলে তো দিত না।

“নির্বাচিত হতে পারলে সবার সব সমস্যা জেনে শিক্ষকদের সঙ্গে মিলে মিশে সমাধান করব। নির্বাচনে হেরে গেলেও বিরোধী পক্ষের সঙ্গে মিলে মিশে সব ধরনের সহযোগিতা করব।”

ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা দশম শ্রেণির আফরা, কাজল এবং সপ্তম শ্রেণীর খাদিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক ভাল লাগছে তাদের এই নির্বাচন।

“প্রথমবার ভোট দিচ্ছি, অনেক ভালো লাগছে। আমাদের ক্যান্ডিডেট রোল নাম্বার দুই সাদিয়া। সে সৎ, পড়াশুনায় ভাল, সবার সঙ্গে ভাল ব্যবহার করে,” বলেন আফরা।

আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে বারশ’ শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দিচ্ছে। নির্বাচনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।

“ব্যালট বাক্স, নমিনেশন পত্র এসব স্কুল কর্তৃপক্ষই সরবরাহ করেছে। এতে আট-দশ হাজার টাকার বেশি খরচ হয়নি। স্টুডেন্টরা কেবল হাতে লিখা পোস্টার নিজেরাই তৈরি করে সুতো দিয়ে টাঙ্গিয়েছে।”