মোবাইল কেনার কথা বলে তরুণকে অপহরণ
রাজধানীর শেখেরটেক থেকে অপহৃত হওয়ার তিন দিনের মাথায় তোপখানা রোডের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় এক বিকাশ এজেন্ট ও তার কর্মচারী এবং ওই হোটেলের এক বয়সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে তোপখানা রোডের বৈশাখী আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অপহৃত মোহাইমিনুল ইসলাম আনাসকে উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মো. শাহাদাত হোসেন, মো. শরীফ হোসেন, নিধন চন্দ্র দাস, মো. সেলিম, মো. আবদুল কাদের, মো. নাছির উদ্দিন ও মো. বাপ্পী।
এদের মধ্যে কাদের বৈশাখী হোটেলের বয়। আর নাছির হোটেলটির পাশের ভবনের নিচতলায় ‘নাছির টেলিকম’র মালিক এবং বাপ্পী তার দোকান কর্মচারী।
পুলিশ কর্মকর্তা মনিরুল জানান, গত বছর মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করা আনাস সম্প্রতি অনলাইনে মোবাইল বিক্রির একটি বিজ্ঞাপন দেন।
এরপর একটি মোবাইল নম্বর থেকে তাকে কল করে মোবাইলটি কেনার আগ্রহ জানান এক যুবক।
“গত বুধবার চার অপহরণকারী একটি মাইক্রোবাস নিয়ে শেখেরটেক যায়। আনাস মোবাইলটি দেখানোর জন্য তাদের সঙ্গে দেখা করতে গেলে জোর করে তাকে গাড়িতে তুলে নেয় তারা।”
এরপর অপহরণকারীরা তোপখানার বৈশাখী হোটেলের পঞ্চম তলায় একটি কক্ষে আটকে আনাসের উপর নির্যাতন চালায় বলে মনিরুল ইসলাম জানান।
“পাশাপাশি হোটেলের পাশের নাছির টেলিকম থেকে ফোন করে আনাসের বাবা ফকরুল ইসলামের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।”
ফকরুল ইসলাম দীর্ঘ ২২ বছর সৌদি আরব ছিলেন। তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে শেখেরটেক এলাকায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে দ্বিতীয় আনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
ফকরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন আনাসের সন্ধান না পেয়ে আদাবর থানায় একটি জিডি করেছিলাম। এরপর থেকেই কয়েকটি মোবাইল থেকে বিকাশের মাধ্যমে ১০ লাখ টাকা পাঠানোর জন্য চাপ আসতে থাকে। আমি ভয় পেলেও আইনের বাইরে যাইনি।”
এই অপহরণের ঘটনায় আরও দুজন জড়িত জানিয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাদের ধরতে চেষ্টা চলছে।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান, উপকমিশনার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত উপ কমিশনার মো. আবদুল আহাদ উপস্থিত ছিলেন।
