২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিক ওবায়দুল হকের স্মরণসভা

এম ওবায়দুল হকের স্মরণসভায় এই সাংবাদিকের নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করেছেন বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 11:18 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এই স্মরণ সভার আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক কে-অপারেটিভ হাউজিং সোসাইটি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, “নীতি-নৈতিকতায় অটল থেকে দীর্ঘ ৪০ বছর সাংবাদিকতা করেছেন এম ওবায়দুল হক। রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন অনড়।

“সাংবাদিকতাই শুধু নয় অর্থনীতি, বিনোদন, ক্রীড়াসহ সমাজের নানা ক্ষেত্রে সমান ভূমিকা রেখেছিলেন এম ওবায়দুল হক। তার কীর্তিময় জীবন উত্তরসূরীদের বাতিঘর হিসেবে পথ দেখাবে।

ঢাকায় কাজ করলে ওবায়দুল হক আরও বেশি সমাদৃত হতেন মন্তব্য করে ইকবাল সোবহান বলেন, “চট্টগ্রামের প্রতি তার মমত্ববোধের কারণে তিনি চট্টগ্রাম ত্যাগ করেননি।”

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুখ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক, সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দিন কাদেরি শওকত, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী।

স্মৃতিচারণ করেন প্রয়াত এম ওবায়দুল হকের ছেলে একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ।

বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত সোমবার ভোরে মারা যান ওবায়দুল হক (৮৭) ।

তিনি ১৯৬২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীতে যোগ দেন। দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি আজাদীর রিপোর্টিং বিভাগে কাজ করেন। প্রধান প্রতিবেদক হিসেবে অবসরে যান তিনি।

ওবায়দুল হক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি।