২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঘরদাইর হাওড়ে নৌকাডুবিতে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন চার জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:36 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনায় দুই জন আহতও হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলার বিরাট গ্রামের আতর আলীর ছেলে ইদ্রিছ মিয়া (৫০), আহাদ মিয়ার মেয়ে আমিনা বেগম (২২) ও সুমন মিয়ার ছেলে রুমান মিয়া (৬)।

আহত মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ও দুই মাসের শিশু আপনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর আহমেদ খন্দকার জানান, দুপুরে আজমিরীগঞ্জের বিরাট গ্রামের ৪০ জন যাত্রী ইঞ্জিনচালিত একটি নৌকা রিজার্ভ করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওড়জুড় গ্রামে ‘মালিকের দরগার’ উদ্দেশে রওয়ান হন।

“নৌকাটি ঘরদাইর হাওড়ে পৌঁছলে প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়।”

এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের নৌকা ও স্থানীয় লোকজন এসে যাত্রীদের উদ্ধার করে বলে জানান তিনি।

“নিহত তিন জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও তিনি জানান।

নৌকাডুবির খবর পেয়ে তিনি ছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী ঘটনাস্থলে যান বলে জানান ওসি তৈমুর।