২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বারে ৩ লাখ ইয়াবা পাচার, চতুর্থ বারে ধরা

চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যারা ঈদের আগে তিনটি চালানে ৩ লাখ ইয়াবা ঢাকায় পাচার করেছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

গ্রেপ্তার মো. জাকির হোসেন (২৬) ও মো. জসিম উদ্দিন রানা (৩৫) সাত মাস আগেও আটক হয়েছিলেন। মাসখানেক আগে জামিনে ছাড়া পেয়েছিলেন তারা।

র‌্যাব বলছে, ‘চিহ্নিত’ এই দুই মাদক পাচারকারী কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় একই কাজে জড়িয়ে পড়েছিলেন।

গ্রেপ্তার জাকির ঝালকাঠীর কাঁঠালিয়া থানার ছয় নম্বর বানাই ওয়ার্ডের মৃত হাসেম হাওলাদারের ছেলে এবং জসিম কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাসিয়াখালী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

বুধবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় একটি লাল রঙের পিকআপ ভ্যানসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, গত বছরের ২৬ ডিসেম্বর নগরীর হালিশহর এলাকায় ‘ইয়াবা চোরাকারবারি’ জাহিদুল ইসলাম আলোর সঙ্গে ২ লাখ ১৫ হাজার ইয়াবা এবং অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন জাকির ও রানা।

ওই ঘটনায় হালিশহর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়। সেই মামলায় তাদের কারগারেও যেতে হয়েছিল।

র‌্যাব কর্মকর্তা মিফতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস খানেক আগে আলোসহ তিনজনই জামিনে ছাড়া পান। এরপর তারা আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

একটি সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সড়কে ওই পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায় র‌্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মিফতা বলেন, “এসময় পিকআপ ভ্যানের ড্যাশ বোর্ডের ভেতরে কৌশলে রাখা ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। গাড়িতে থাকা দুজনের কাছে ইয়াবা বিক্রির ১ লাখ ৫১ হাজার টাকাও পাওয়া যায়।”

পিকআপ ভ্যানটি ঢাকার রাশেদুজ্জামান উজ্জ্বল নামের এক ব্যক্তির।

Image
ইয়াবা ট্যাবলেট (ফাইল ছবি)

ইয়াবা ট্যাবলেট (ফাইল ছবি)

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “ঈদের আগে চট্টগ্রাম থেকে প্রতি চালানে এক লাখের বেশি করে মোট তিনটি চালান তারা দুজন ঢাকায় নিয়ে যায় বলে গ্রেপ্তার জসিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এবার ইয়াবা নেওয়া হচ্ছিল গাজীপুরে।”

উদ্ধার ইয়াবার বাজার মূল্য তিন কোটি ২০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

ইয়াবা পাচার চক্রের ‘হোতা’ আলোকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মিফতা।

র‌্যাব-৭ জানিয়েছে, এ বছর চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৫ লাখ ৬২ হাজার ৬৩৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে তারা।

যৌন উত্তেজক এই ট্যাবলেট নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়।

পুরনো খবর:

উপরে মুড়ি, ভেতরে নেশার বড়ি
কনডেন্সড মিল্কের কৌটায় ইয়াবা
জুতা-চশমার বাক্সে ইয়াবা পাচার
টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার,  আটক ৩
ইয়াবা পাচার: কক্সবাজারে ১১ পুলিশ বদলি