২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচার: কক্সবাজারে ১১ পুলিশ বদলি

ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মামলার পর কক্সবাজারে কর্মরত ১১ পুলিশকে বদলি করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:12 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বদলির আদেশ পাওয়াদের মধ্যে কক্সবাজার ডিবির ওসি ছাড়াও নয় জন এসআই ও এক এএসআই রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

ওই ১১ জন হলেন - জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন, এসআই বিল্লাল হোসেন, এসআই আমিরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এসআই একরামুল ইসলাম, কক্সবাজার সদর থানার এসআই মাসরুরুল হক, এসআই কামাল হোসেন, এসআই ফিরোজ আলম, উখিয়া থানার এসআই সেলিম চৌধুরী, কুতুবদিয়া থানার এসআই কামাল হোসেন, টেকনাফ থানার এএসআই সেলিম উদ্দিন।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে তাদের বদলি করা হয়েছে।

গত ২০ জুন ফেনীতে প্রায় ৭ লাখ ইয়াবা আটকের ঘটনায় করা মামলার আসামি এসআই বিল্লাল হোসেনও বদলি হওয়াদের মধ্যে রয়েছেন।

ওই ঘটনায় গ্রেপ্তার এসবির এএসআই মাহফুজুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, ইয়াবাগুলো বিল্লালের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন।