২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার,  আটক ৩

কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার ভোর পর্যন্ত উপজেলার নাইক্ষ্যংপাড়া সংলগ্ন নাফ নদীর মোহনা ও সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাজির পাড়ার আবদুর রহমানের স্ত্রী নাছিমা আকতার (২০), মিয়ানমারের নাগরিক রফিতা বেগম (২০) ও তসলিমা বেগম (১৮)।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, রোববার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল নাজিরপাড়া এলাকার আবদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন নারীকে আটক করে।

এ সময় সেখানে এক লাখ ৮৯ হাজার নগদ টাকাও পাওয়া যায় বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার।

এদিকে সোমবার ভোর ৫টার দিকে টেকনাফের নাইক্ষ্যংপাড়া সংলগ্ন নাফনদীর মোহনা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।