২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে রেজিস্ট্রেশন বিহীন দেড়শ মোটরসাইকেল আটক

ঝিনাইদহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রেজিস্ট্রিশন বিহীন অন্তত দেড়শ মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫২টি মোটরসাইকেল আটক করা হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহ সদরে ৮৩টি, শৈলকুপায় ১২টি, মহেশপুরে ১০টি, হরিণাকুণ্ডুতে ৯টি, কালীগঞ্জে ২৫টি ও কোটচাঁদপুর  উপজেলায় ১০টি মোটরসাইকেল আটক করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে রাস্তায় চালানোর অভিযোগে আটক মোটরসাইকেলের চালকসহ আরও ২৯৮ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ মোটরসাইকেল আটক অভিযান শুরু হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।