২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, নিহত ৮

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ আটজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মহাসড়ক পুলিশের গোড়াই থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার পাটখাগুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহত কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই মোজাম্মেল বলেন, টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি মহাসড়কের পাটখাগড়ি এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ছয়টি লাশ উদ্ধার করা হলেও পরে বাস সরিয়ে আরও দুটি লাশ পাওয়া যায় বলে জানান তিনি।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার রক্ষীটেংরি গ্রামের জরিনা বেগম (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরকুলদিয়া গ্রামের জাকির হোসেন সোহান (২৩) এবং টাঙ্গাইলের মধুপুরের খোয়াজ আলী (২৪) ও শেখর বর্মন (১৯)।

আহতদের মধ্যে ১৯ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই মহাসড়ক ও বাসাইল থানা পুলিশ, ফায়ার সার্ভিসের টাঙ্গাইলের দুটি এবং মির্জাপুরের একটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।

ওই পথ দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি ট্রাক থেকে নেমে সেনা সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। পুলিশ সুপার সারেহ মোহাম্মদ তানভীরও এ সময় উপস্থিত ছিলেন।