ঈদফেরত যাত্রায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮ অটোআরোহীর
ঈদের ছুটি শেষে অটোরিকশায় বাসায় ফেরার পথে গাজীপুরের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় তিন শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৗনে ৩টার দিকে ধীরাশ্রম স্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ দিকে হায়দরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আট আরোহীর মৃত্যু হয়।”
ট্রেনের ধাক্কা লাগার পর অটোরিকশাটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় ট্রেনটি অটোরিকশাটিকে হেঁচড়ে প্রায় আধা কিলোমিটার উত্তরে দাক্ষিণখান এলাকায় গিয়ে থামে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহতরা হলেন- জিতরামপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে শাহ আলম (৩২), শাহ আলমের স্ত্রী পিয়ারা বেগম (২৫), মেয়ে সাদিয়া (৭), ছেলে ইয়াছিন (৪), শ্যালিকা কারিমন (১২), মামাতো ভাই লিটন (১৫), ভাগিনা আল আমিন (৩০) ও অটোরিকশা চালক মোস্তফা (১৮)।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, “ওই ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক সংকেতের ব্যবস্থা ছিল না। একটি ছিল এলাকাবাসীর করা সম্পূর্ণ অবৈধ একটি ক্রসিং।”
শাহ আলমের মামাতো ভাই ইউসুফ আলীর বরাত দিয়ে দাদন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহ আলমের বাড়ি নরসিংদী সদরের জিতরামপুর গ্রামে। সেখানে ঈদ করে স্ত্রী-সন্তান ও ভাইদের নিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।”
দুর্ঘটনার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম হাসপাতালে ছুটে যান। এছাড়া অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, “টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেললাইনের পাশে এরকম ১৩টি অবৈধ রেলগেইট রয়েছে। সিটি করপোরেশনের কাউন্সিলররা এলাকাবাসীর প্রয়োজনে এগুলো করে নিচ্ছে। এর দায়দায়িত্ব তাদের। এ ব্যাপারে কথা বললে আমাদের সমস্যা হয়।
“ওই রেলগেইট যেহেতু তারা বানিয়ে নিয়েছে, এটা রক্ষণাবেক্ষণের দায়-দায়িত্বও তাদের।”
ঘটনাস্থল ঘুরে দেখে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু অবৈধ রেলগেইট দিয়ে অটো চালক রেললাইন পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। এজন্য তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে।”
