রাজন হত্যামামলায় গ্রেপ্তার বাদল রিমান্ডে
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যামামলায় গ্রেপ্তার তাজউদ্দিন আহমেদ বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তরফদার বাদলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান।
শুনানি শেষে সিলেট মহানগর হাকিম শাহেদুল করিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আগের দিন রাত সোয়া ১০টার দিকে কুমারগাঁও এলাকার শেখপাড়ার সুলতান আহমেদের ছেলে বাদলকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ জুলাই কুমারগাঁওয়ে চুরির অভিযোগে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ধারণ করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় কুমারগাঁও এলাকায় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশু রাজন হত্যাকাণ্ডে বাদল সহযোগিতা করেছিল- গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বাদলকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে মুহিতের ভাই সৌদিপ্রবাসী কামরুল ঘটনার পর সেদেশে পালিয়ে গেলে প্রবাসীরা তাকে আটক করে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার।
