দুর্নীতি মামলায় আদালতে খালেদা
সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ ও বাদীকে আসামিপক্ষের জেরা হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে এ দুই মামলার বিচার চলছে ঢাকা আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে।
শুনানিতে উপস্থিত থাকতে সকাল সোয়া ১০টার দিকে আদালত প্রাঙ্গণে হাজির হন খালেদা জিয়া। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন তিনি।
সর্বশেষ গত ১৮ জুন খালেদা জিয়া এ দুই মামলায় আদালতে এসেছিলেন। ওইদিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জেরা শুরু করে আসামিপক্ষ। বাকি জেরা সম্পন্ন করার জন্য বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই দিন ঠিক করে দেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক।
বিএনপি দাবি করে আসছে, তাদের চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে এবং তা এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।
