২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর রমনা থানার মধুবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 12:51 AM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার রাত ১০টার দিকে মধুবাগের দুই নম্বর গলিতে তার উপর হামলা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৮ বছর বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে, পিঠে ও পেটে জখম রয়েছে।

“তাকে যারা হাসপাতালে আনেন তারা বলেন, মধুবাগের ২ নম্বর গলিতে মারামারি হয়। এই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন তারা।”

নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক আলী হোসেন রাত ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও নিহতের পরিচয় জানতে পারেননি তারা।

“সাব্বির নামে একজন ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তিনি হত্যাকারীদের কাউকে চিনতে পেরেছেন কি না তা জানার চেষ্টা চলছে।”