২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জমির বিরোধে সংঘর্ষে যুবক নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার দুপুরে কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে এ ঘটনায় নিহত লিটন মিয়া (২৩) একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল বাতেন জানান, বেলা ৪টা ৩০ মিনিটে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৪টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মাহবুব-ই-রাব্বানী (৩৪), দুলাল মিয়া (৫০), ইউসুফ হোসেন (২৫) ও হাসিনুর রহমান (৩০) চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহিমাপুর গ্রামের মাহবুব-ই-রাব্বানীর ‘পৈত্রিক’ জমিতে তার চাচা লুৎফর রহমান দলবল নিয়ে বুধবার দুপুর ২টায় আমন ধানের চারা রোপন করতে যান।

“মাহবুব-ই-রাব্বানী তার স্বজনদের নিয়ে বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

“এদের মধ্যে মাহবুব-ই-রাব্বানী, দুলাল মিয়া, লিটন মিয়া এবং প্রতিপক্ষের ইউসুফ হোসেন ও হাসিনুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

বিকালে রব্বানীর পক্ষের লিটন মিয়া মারা যান। মরদেহ এখনও হাসপাতালে আছে। মামলা হলে  আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

রহিমাপুর গ্রামের স্কুল শিক্ষক ইয়াহিয়া মিয়া জানান, বিরোধপূর্ণ জমিটি মাহবুব-ই-রাব্বানীর পৈত্রিক সূত্রে পাওয়া। দীর্ঘদিন ধরে এই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন রাব্বানীর চাচা লুৎফর রহমান ও তার ছেলেরা।

“এই জমি নিয়ে গ্রাম্য সালিশও হয়। সালিশে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলার মাধ্যমে দখলস্বত্ব পাওয়ার আগে জমিতে না নামার জন্য লুৎফর রহমানকে পরামর্শ দেন।

“কিন্তু সালিশের সিদ্ধান্ত উপক্ষো করে বুধবার লুৎফর রহমান দলবল নিয়ে জোরপূর্বক সেই জমিতে চারা রোপন করতে গেলে রাব্বানী বাধা দেন।

“তখন লুৎফর দলবল নিয়ে রাব্বানী ও তার লোকজনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।”

কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম মার্শাল বলেন, ১৯৬০ ও ১৯৬২ সালের রেকর্ডে জমিটি রাব্বানীর বাবার নামে রেকর্ড করা হয়েছে।  কিন্তু ১৯৪০ সালের রেকর্ডে জমিটি লুৎফরের বাবার নামে রেকর্ড করা আছে। সে অনুযায়ী জমিটি ভোগদখল করতে চান লুৎফর রহমান।

“মামলার মাধ্যমে রেকর্ড সংশোধন করার আগ পর্যন্ত জমিটি রাব্বানী ভোগদখল করবে বলে শালিসে সিদ্ধান্ত হয়।”

এ ব্যাপারে লুৎফর রহমান বলেন, “পৈত্রিক জমিতে আমন চারা রোপন করতে গেলে রাব্বানী দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমার পক্ষের সাত জন আহত হন।”

তিনি হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন।