সাংবাদিক আতিকুল আলমকে শেষ শ্রদ্ধা
সহকর্মী-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রবীণ সাংবাদিক আতিকুল আলম।
বার্তা সংস্থা রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধান আতিকুলের মরদেহ বুধবার বিকালে মগবাজারে নিজের বাসায় আনার পর তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাদ আসর মগবাজার কাজী অফিস লেনের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
প্রয়াতের ছেলে শওকত শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বাদ আসর মগবাজার কাজী অফিস লেনের বাসায় তার বাবার কুলখানি হবে।
আতিকুল আলমের জানাজায় সাবেক বাণিজ্যমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান আল হোসানী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করীম, রোটারেক্টরের গর্ভনর শওকত হোসেন, মহসিন আলী খান, একিউ সিদ্দিকী, আব্বাস উদ্দিন আহমেদ, হাফিজ চৌধুরী, আবদুল হকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
সাংবাদিকদের মধ্যে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল হুদা, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা, খোরশেদ আলম, বাসির জামাল, মজিদ মাহমুদ, সুলতান মোহাম্মদ বাদল, রয়টার্সের রফিকুর রহমান, কামরুল হাসানসহ মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত কর্নেল নাজমুল আলম, যুক্তরাষ্ট্র থেকে ফেরা একমাত্র ছেলে শওকত শামীম, প্রয়াত মেয়ে দীপু সুলতানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুসলেহউদ্দিন তারেকও জানাজায় অংশ নেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরিদর্শক আজিজুল হক ও বাসস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ডিপি বড়ুয়া মরহুমের কফিনের সামনে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত সোমবার দুপুরে বগুড়ায় শ্বশুর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আতিকুল আলম। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বগুড়া থেকে ঢাকায় আনার পর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়। বুধবার দুপুরে হাসপাতাল থেকে মরদেহ মগবাজারের বাসায় আনা হয়।
১৯৩৪ সালের ১৪ জুন পাবনায় জন্ম নেওয়া আতিকুল আলম চট্টগ্রামের ‘দ্য ইস্টার্ন এক্সামিনার’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেছিলেন। ১৯৫৪ সালের অগাস্টে সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশ করে ‘ইস্টার্ন এক্সামিনার’; ১৯৫৬ সালের জানুয়ারিতে তা দৈনিক হিসেবে বের হতে শুরু করে। ষাটের দশকের মাঝামাঝি পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
আতিকুল বিবিসির বাংলাদেশ ব্যুরোর প্রধান ও পাকিস্তান টাইমসের ঢাকা ব্যুরো প্রধান হিসেবেও কাজ করেছেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধানের দায়িত্ব নেন তিনি।
বিবিসি ছাড়াও গার্ডিয়ান, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি। ডেইলি ইউনিটি ও সাপ্তাহিক হলিডেতে নিয়মিত লিখতেন আতিকুল আলম। সর্বশেষ দৈনিক অর্থনীতি প্রতিদিনের (এখন বন্ধ) সম্পাদক ছিলেন তিনি।
