ধামরাইয়ে বংশী নদীতে যুবকের লাশ
ঢাকার ধামরাইয়ের বংশী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার সকালে উপজেলার কালামপুরের ভালুম এলাকায় নদীতে তার লাশ পাওয়া যায়।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ভালুম এলাকার বংশী নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“ওই যুবকের পরনে শার্ট ও প্যান্ট ছিল। ৪/৫ দিন আগের এ লাশ পচে গলে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে,” বলেন ওসি ফিরোজ।
ওসি বলেন, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
