২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক চালক নিহত এবং অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 02:43 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত চালক বা আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. কবির হোসেন জানান, বেঙ্গল পেন্সিল কারখানার সামনে ঢাকা থেকে চন্দ্রাগামী স্কাইলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আজমেরী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকরা তাদের আসনে আটকা পড়েন। স্কাইলাইন বাসের চালক ঘটনাস্থলেই মারা যান।

পরে আজমেরী পরিবহনের চালকসহ দুই বাসের অন্তত ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীর সহায়তা হাসপাতালে পাঠানো হয় বলে ওসি দাউদ খান জানান।