মুক্তি পাচ্ছেন না গাজীপুরের মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ কারণে অন্য সব মামলায় জামিন হলেও তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার একটি বিস্ফোরক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারজানা খানমের আদালতে পুলিশ জয়দেবপুর থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার প্রতিবেদনসহ মান্নানকে গ্রেপ্তারের আবেদন করে।
শুনানি শেষে আদলাত তা মঞ্জুর করে কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করে বলে জানান পরিদর্শক রবিউল।
“ফলে অন্যসব মামলায় জামিন পেলেও এ মামলায় জামিন না পাওয়ার আগে তিনি মুক্তি পাচ্ছেন না,” বলেন তিনি।
এজাহার ও পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে পরিদর্শক রবিউল জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ১৮ দলের হরতাল-অবরোধ চলাকালে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগর পাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ বহনকারী একটি লেগুনায় তিনটি হাত বোমা হামলা হয়।
“ওই ঘটনায় পরদিন জয়দেবপুর থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনকে আসামি জয়দেবপুর থানায় মামলা করেন।”
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ আবুল হাসেম তার তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে এম এম মান্নানের সরাসরি জড়িত থাকার নির্ভরযোগ্য তথ্য পাওয়ার দাবি করেন।
রবিউল আরও বলেন, এরপর তাকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশ চেয়ে আবেদন করেন এসআই হাসেম।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, মামলায় মান্নানের নাম না থাকলেও তদন্তে ওই ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য তিন দিন আগে আদালতে আবেদন করা হয়।
“মঙ্গলবার আদালত তা মঞ্জুর করে।”
মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, জামায়াতের ডাকা হরতালের সময় হওয়া ওই মামলায় মান্নানের নাম এজাহারে ছিল না।
“আগে তার বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট ৮টি মামলা ছিল।
“মঙ্গলবার উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন পাওয়ার পর ষড়যন্ত্র করে নতুন আরেকটি মামলায় তাকে ফাঁসানো হয়েছে।”
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ইতোমধ্যে দুইটি মামলায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার নামে অভিযোগপত্র হয়েছে।
গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
