২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্তজিউ মন্দিরে কর্মচারীকে মারধর, ৪ যুবক দণ্ডিত

দিনাজপুরে কান্তজিউ মন্দিরের কর্মচারীদের মারধরের অভিযোগে চার যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল মঙ্গলবার এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের সোহানুর রহমান (২০), আল-আমীন (১৯), মো. সবুজ রহমান (১৯), ভাতগাঁ গ্রামের নাহিদ জামান (১৯)।

দুপুরে কান্তজিউ মন্দির থেকে তাদের আটক করা হয় বলে জানান কাহারোল থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ৭-৮ জন যুবক মন্দিরে বেড়াতে আসে। তারা মন্দিরের মূল বেদিতে উঠে ছবি তোলার সময় মন্দিরের কর্মী শিবু চক্রবর্তী ও পাহারাদার মহিন্দ্র চক্রবর্তী তাদের বেদি থেকে নেমে যেতে অনুরোধ করেন।

“এতে ক্ষিপ্ত হয়ে তারা শিবু ও মহিন্দ্রকে মারধর করলে মন্দিরের লোকজন ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়।”

তবে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায় বলে জানান ওসি।