২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৫ আসামির দোষ স্বীকার

বিদ্রোহের মামলায় দিনাজপুরের ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

দিনাজপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় দিনাজপুরের ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। ৫৪ কার্যদিবস মুলতবি থাকার পর দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার কাজ সোমবার শুরু হয়। সকাল ৯টায় দিনাজপুর কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় আসামিদের ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে আনা হয়। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর মামলার প্রসিকিউটর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগ গঠনের আবেদন জানান। আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পাঁচজন দোষ স্বীকার করেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন। দোষ স্বীকার করা আসামিরা হলেন- হাবিলদার মো. ওয়ারেছ, সুবেদার মেজর মো. আজিজুল ইসলাম, সিপাহি মো. নাছরুল করিম, সিপাহি মো. বোরহান উদ্দিন ও ল্যান্স নায়েক খন্দকার মাহিরুল সুলতান। দুপুর সোয়া ১টায় বিরতি দিয়ে বিচার কাজ আবার শুরু হয় দুপুর ২টায়। এরপর নির্দোষ দাবি করা আসামিরা প্রত্যেকে মামলার বাদি ও ১ নম্বর সাক্ষী নায়েক সুবেদার মো. আসাদুজ্জামানকে জেরা করেন। বিকাল সাড়ে ৪টায় ১৫ মিনিটের জন্য আরেক দফা বিরতির পর আদালতের কার্যক্রম আবার শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর আদালত সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়ে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। বিচারক প্যানেলে অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। গত ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলার পর আদালত মুলতবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.