ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর ঘটনা তদন্তে আরও সময় চেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এ বিষয়ে সরকার রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত কোন সিদ্ধান্ত দেয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনূর মিয়া রাত সাড়ে আটটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
শাহেনূর মিয়া বলেন, "কমিটি আরও সময় চেয়ে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এ বিষয়ে আজ রাত পর্যন্ত মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি, আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।"
রোববারই এর আগে সচিবালয়ে কমিটির সদস্য সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেনের কার্যালয়ে বৈঠক শেষে কমিটির প্রধান আনিসুজ্জামান খান বলেছিলেন, 'দুই দিনের মধ্যে' তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
তারা সময় বাড়ানোর আবেদন করার কথা ভাবছেন না বলেও তখন সাংবাদিকদের জানিয়েছিলেন কমিটি প্রধান।
সে সময় আনিসুজ্জামান বলেছিলেন, "তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের হাতে আরো দুইদিন সময় রয়েছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক প্রতিবেদন দিতে। এজন্য কাজ করে যাচ্ছি। আশা করছি, এটা করতে পারবো।"
তদন্তের অগ্রগতি এবং এখন পর্যন্ত কি পাওয়া গেছে- এমন প্রশ্নের জবাবে কমিটির প্রধান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, "আমরা সুষ্ঠু তদন্ত এবং সঠিক প্রতিবেদন দেওয়ার স্বার্থে এখনই কোন মন্তব্য করবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এএল/এসকে/২০৫০ঘ.
bdnews24