২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ

রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে বুধবার জওয়ানদের বিদ্রোহের পরদিন সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী, দিনাজপুর, ফেনী ও নওগাঁয় বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জওয়ানরা। গোলযোগের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং বান্দরবান ব্যাটালিয়নে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 11:40 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে বুধবার জওয়ানদের বিদ্রোহের পরদিন সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী, দিনাজপুর, ফেনী ও নওগাঁয় বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জওয়ানরা। গোলযোগের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং বান্দরবান ব্যাটালিয়নে। (আরও তথ্যসহ-২) আমাদের ব্যুরো অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় বিডিআরের প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। বিডিআর জওয়ানরা চট্টগ্রাম-বান্দরবান সড়ক অবরোধ করে রেখেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি ওয়াদুদ ভূঁইয়া বিডিনিউজ ২৪ ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। রাজশাহী: সকাল সাড়ে নয়টার দিকে ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ শুরু হয়। ফাঁকা গুলি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিদ্রোহীরা। ঠাকুরগাঁও: ২০ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে সকাল ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। দিনাজপুর: ২ রাইফেল ব্যাটালিয়নে সকালে বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। সেনা কর্মকর্তাদের কেউই ব্যাটালিয়নে নেই। জয়পুরহাট: ৩ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে সকাল ১০ থেকে গোলাগুলি শুরু হয়েছে। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। নওগাঁ: ৪৩ ও ৪৬ ব্যাটালিয়নে সকাল ৯টা থেকে বিদ্রোহ শুরু হয়। এ দুই ব্যাটালিয়নে বিডিআর জওয়ানরা ফাঁকা গুলি করে পুরো ব্যাটালিয়ন এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক বিডিনিউজ ২৪ ডটকমকে এ বিদ্রোহের কথা নিশ্চিত করেছেন। সাতক্ষীরা: সাতক্ষীরা ব্যাটালিয়নে বিডিআর জওয়ানরা সকালে ফাঁকা গুলি ছোঁড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের গুলিতে জুনিয়ার কমিশন্ড অফিসার আবুল কাশেম (৫০) নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ফেনী: ১৯ ব্যাটালিয়ানে সকালে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে। তারা ফেনী-মাইজদি সড়ক বন্ধ করে দেয়। বিদ্রোহী জওয়ানদের তাড়া খেয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কবির ও উপ-অধিনায়ক মেজর মাসুদ পরিবার পরিজন নিয়ে পালিয়েছেন। মেজর মাসুদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "পরিস্থিতি খুবই খারাপ। আমি কোনোমতে পরিবার নিয়ে পালিয়েছি।" বান্দরবান: নাইক্ষ্যংছড়ি বিডিআর জোনের ১৫ রাইফেল ব্যাটালিয়নে গোলযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় টিএনও কয়েকজন সংবাদকর্মীকে এ খবর নিশ্চিত করেছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এএম/এজে/এসএম/এইচএ/১১২০ ঘ.