২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউ আরও শিথিল হল চট্টগ্রামে

রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কোনো বিধিনিষেধ থাকছে না বন্দরনগরীকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 09:33 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার মধ্যে জারি হওয়া কারফিউয়ের বিধিনিষেধ আরও শিথিল হল চট্টগ্রামে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টাই স্বাভাবিক কার্যক্রম চলবে বন্দরনগরে।

শনিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ফাহমুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়।

পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।

প্রথমদিন দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় বাজার করার জন্য। পরের দিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে।

তিন দিনের মধ্যে সহিংসতা থামলে পরে সিদ্ধান্ত হয় কোনো জেলায় কারফিউ শিথিলের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে।

এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়েছে। 

গত শুক্র ও শনিবার চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

গত সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ।

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ৬ ঘণ্টা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

গত কয়েক দিনে চট্টগ্রামে নতুন করে কোনো সংঘাত হয়নি। তবে গত ১৫ ও ১৮ জুলাইয়ের সহিংসতায় এখন পর্যন্ত সাত জন মারা গেছেন। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

এসব সহিংসতার ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে এবং ১০ দিনে আটশরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।  

চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সচল হয়েছে। ছাড়ছে দূরপাল্লার বাসও। তবে রেলওয়ের সিদ্ধান্তে ট্রেন চলাচল এখনও বন্ধ আছে।