১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

মৌলভীবাজার-৪ আসনের ছয় বারের সাবেক এই সংসদ সদস্যকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 01:43 AM

Updated : 26 Aug 2026, 10:49 AM

ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদ্যস্যদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার-৪ আসনের ছয়বারের সাবেক এই সংসদ সদস্যকে মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

রাত ১টার দিকে ওসি বলেন, "আমরা এখনও তার বাসায় রয়েছি। তাকে গ্রেপ্তারের পর বাসায় তল্লাশি করা হচ্ছে। কোনও আলামত পাওয়া গেলে জব্দ করা হবে।"

আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলেননি ওসি।

মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান ছয়বারের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক হুইপ।

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

এরমধ্যেই সাবেক মন্ত্রী শহীদের গ্রেপ্তারের খবর দিল পুলিশ।

আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। এরপর ২০০৮ সালের নবম থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে আব্দুস শহীদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।