স্টুবসহ বিশ্ব নেতাদের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ
“আমাদের এমন পৃথিবী দরকার, যা হবে আইনের শাসনভিত্তিক,” বলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টুব।
মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ বৈঠক হয়।
বাসস লিখেছে, বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ, রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
স্টুব বলেন, “আমাদের এমন পৃথিবী দরকার, যা হবে আইনের শাসনভিত্তিক।”
অধ্যাপক ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি তুলে ধরলে স্টুব বলেন, “আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।”
প্রেসিডেন্ট স্টুব দরিদ্র দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে।
“প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।”
অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে বৃহৎ পরিসরে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
৩ দেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ
সম্মেলনের ফাঁকে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস মঙ্গলবারই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একইদিন তিনি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোজে রামুস-ওর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।
