২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা

ঘটনার পর এজলাস থেকে নেমে যান দুই বিচারপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 04:32 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার জেরে হাই কোর্টের এক বিচারপতিকে ডিম ছুড়ে মেরেছেন একদল আইনজীবী। 

বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এ ঘটনা ঘটে।  

এ ব্যাপারে বিএনপি নেতা মাহবুবুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই কোর্ট। ওই বিষয়টিতে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ‘অশালীন’ মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে। 

তিনি বলেন, “আজ এই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন- আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন।”

এরপর বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস থেকে নেমে যান।