২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৫৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ওমরা ফেরত ‘মোয়াল্লেম’ আটক

ওই ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে দাবি এপিবিএনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

সৌদি আরব থেকে আসা এক ব্যক্তিকে ৫৮ ভরি স্বর্ণালঙ্কারসহ আটক করেছে শাহজালাল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গিয়াস উদ্দিন (৪৬) নামে ওই ব্যক্তি হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরা হজ পালন শেষে বুধবার দেশে ফেরার সময় ধরা পড়েন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আর্মড পুলিশ।

মোয়াল্লেম হচ্ছেন একটি হজ বা ওমরা কাফেলার গাইড। যিনি হাজীদের সঙ্গে থেকে তাদের হজ পালনের বিষয়ে সার্বিক সহায়তা দিয়ে থাকেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগমনী ক্যানোপি এলাকায় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ ও তার শরীর তল্লাশ করে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭ হাজার টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।

পুলিশ বলছে, আটক গিয়াস উদ্দিন জিজ্ঞাসাবাদে বলেছেন- স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরা হজযাত্রীর মাধ্যমে ‘শুল্ক ফাঁকি’ দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আটক ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

বিমানবন্দর এপিবিএনের কমান্ডার (এসপি) মোজাম্মেল হক বলেন, সোনা ও মাদক চোরাচালান রোধে তারা তৎপর রয়েছেন।