২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:25 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার সরকারপ্রধানের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

এদিন ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বেলা ২টায় খালেদা জিয়ার জানাজা হবে। পরে শেরেবাংলা নগরে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।