ফখরুল-আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি
মির্জা ফখরুলকে গত বছরের ২৮ অক্টোবর ও আমীর খসরুকে ২ নভেম্বর আটক করে গোয়েন্দা পুলিশ।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, “ঢাকার মুখ্য মহনগর হাকিম আদালতের এই মামলায় জামিন নাকচের আদেশের বিরুদ্ধে এই আদালতে এসেছি। এখানেও প্রত্যাখ্যাত হলে হাই কোর্টে যাব।”
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।
এই ঘটনার পর গত ২৮ অক্টোবর মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অন্যদিকে গত বছরের ২ নভেম্বর রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি।
পরদিন ৩ নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
