জাফরুল্লাহর বাসায় এইডিস মশার লার্ভা, ২০ হাজার টাকা জরিমানা
প্রয়াত জাফরুল্লাহর বাসার চারপাশ ও ভবনের ছাদে এইডিস মশার লার্ভা পাওয়া যায় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এইডিস মশার লার্ভা পাওয়ায় তার ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ধানমন্ডি ৯এ এলাকায় জাফরুল্লাহ চৌধুরীর ৫১ নম্বর হোল্ডিংয়ের ‘বৈভ্রাজ’ বাড়িতে বুধবার অভিযান চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
তিনি বলেন, “৯এ এলাকার ৫১ নম্বর হোল্ডিংয়ের ‘বৈভ্রাজ’ নামক বাসভবনের চারপাশে ও বাসার ছাদে মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিকের ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছি।”
এছাড়াও এদিন খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, ঝিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সবমিলিয়ে ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৫৩৮টি স্থাপনা পরিদর্শন করে ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় মোট ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
