২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙচুর-অগ্নিসংযোগে দুইদিনে বিআরটিসির ক্ষতি ৮৮ লাখ টাকা

ওই সংঘর্ষের জেরে দেশের নানা জায়গায় যানবাহন ও বাস ডিপোতে ভাঙচুর অগ্নিসংযোগ করা। আর এসবের অর্ধেকের বেশি হয় রাজধানীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 01:38 PM

Updated : 30 Oct 2023, 01:38 PM

বিএনপির সমাবেশ ঘিরে শনিবারের সংঘর্ষ এবং রোববারের হরতালে বাস ভাঙচুর, আগুন দেওয়া এবং বাস ডিপোতে হামলায় ৮৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)।

সরকারি সংস্থাটি রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার দুপুরের আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

ওই সংঘর্ষের জেরে দেশের নানা জায়গায় যানবাহন ও বাস ডিপোতে ভাঙচুর অগ্নিসংযোগ করা। আর এসবের অর্ধেকের বেশি হয় রাজধানীতে।

পরদিন রোববার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সকালেও ঢাকার গুলিস্তান, বংশালের তাঁতীবাজার এবং মোহাম্মদপুরে ৪টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

দুইদিনে ভাংচুর ও পুড়িয়ে দেওয়া যানবাহনের মধ্যে, বাস, পিকআপ,মিনি ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা এবং অ্যাম্বুলেন্সও আছে।

বিজ্ঞপ্তিতে বিআরটিসি বলছে, “শনিবার বিকেলে বিএনপি-জামায়াতের সমাবেশে অংশ নেওয়া প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে অতর্কিতভাবে হামলা চালায়। তারা ডিপোর গেট টপকে ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের নিচতলায় আন্তর্জাতিক সার্ভিসের কাউন্টার ও বিশ্রামাগার এবং ট্রাফিক শাখায় ভাঙচুরসহ তাণ্ডব চালায়। 

“একপর্যায়ে দুষ্কৃতকারীরা নিচতলায় আন্তর্জাতিক সার্ভিসের কাউন্টারে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। হামলায় ঢাকা-আগরতলা, ঢাকা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক কাউন্টারের অভ্যন্তরে কম্পিউটার, টেবিল, চেয়ার, সোফা, রুমের জানালার গ্লাস সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হয়।"

বিআরটিসির দাবি, শনিবার হামলার সময় ডিপোর নিরাপত্তার দায়িত্বে ১০ জন আনসার সদস্য ও ১০০ জন নিজস্ব জনবল ‘দুষ্কৃতকারীরাদের  প্রতিহত করার চেষ্টা করেছেন’। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় ডিপোর জানমালের নিরাপত্তার স্বার্থে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন।

এর পর এক পর্যায়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য বাস ডিপোতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখন পুলিশ-আনসারের যৌথ চেষ্টায় ‘দুষ্কৃতকারীরা পিছু হটে’।

বিআরটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকাল ৪টার দিকে দিকে বিএনপি-জামায়াতের সমাবেশে অংশ নেওয়া অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শাহাজাহানপুরের বিআরটিসির একটি বাসে আগুন দেয় করে।  আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়, এতে ওই বাসের চালক গুরুতর আহত হওয়া ছাড়াও  প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়।

এই ঘটনায় ওইদিনই মতিঝিল থানায় এবং পরদিন রোববার শাহজাহানপুর থানায় পৃথক দুটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে বিআরটিসি জানায়।

রোববার হরতালের দিনের ক্ষয়ক্ষতির বর্ণনা করে বিজ্ঞপ্তিতে বিআরটিসি বলছে, হরতালের সকালে সাড়ে আটটার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সার্ভিসের চারটি বাস ভাঙচুর করা হয়। বাসের জানালার গ্লাস ও উইন্ডশিল্ডের ভেঙে যাওয়ায় প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

এছাড়া বেলা ১১টার দিকে টঙ্গীতে একটি বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই আগুনের বাসের তিনটি সিট পুড়ে যায়। এ ঘটনায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। দুই ঘটনার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।