২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্ক্ষিত সেবা না পেলে আমাকে মেসেজ করুন: নতুন পুলিশ কমিশনার

কোন নম্বরে মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যাবে, তা শিগগিরই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 22 Oct 2023, 02:54 AM

Updated : 22 Oct 2023, 02:54 AM

থানায় গিয়ে কেউ কাঙ্ক্ষিত সেবা না পেলে, ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমাধান দিতে না পারলে সরাসরি পুলিশ কমিশনারকে মেসেজ করার পরামর্শ দিয়েছেন ঢাকার নতুন পুলিশ প্রধান হাবিবুর রহমান।

তিনি বলেছেন, নাগরিকরা যেন সরাসরি তার কাছে অভিযোগ জানাতে পারেন, সেজন্য ‘মেসেজ টু কমিশনার’ নামে একটি সেবা চালু করবেন তিনি।

ঢাকার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার দুদিন পর প্রথম সংবাদ সম্মেলনে এসে এই প্রতিশ্রুতি দেন হাবিবুর রহমান। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এই 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠান হয়।

ডিএমপি কমিশনার বলেন, কোন নম্বরে তাকে মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যাবে, তা শিগগিরই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত ‘ট্র্যাডিশনাল’ অপরাধের পাশাপাশি ডিএমপিতে এখন সাইবার ক্রাইম নিয়ে অনেক অভিযোগ আসছে বলে জানান হাবিবুর রহমান। তিনি বলেন, ডিএমপি ‘উন্নত প্রযুক্তি’ ব্যবহার করে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ ‘সব ব্যবস্থা’ নেবে।

নগরবাসীকে ভোগান্তি থেকে রেহাই দিতে অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, “কেউ করলে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী পুলিশ নির্ভয়ে এবং নির্বিঘ্নে ব্যবস্থা নেবে।”

ঢাকার ট্রাফিক ব্যবস্থা উন্নয়নেও কাজ করার প্রতিশ্রুতি দেন হাবিবুর রহমান। ঢাকাকে নিরাপদ করতে সবার সহযোগিতাও তিনি চান।

ডিএমপি কমিশনার বলেন, “সামনের নির্বাচনে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি থাকতে পারে- এটা চ্যালেঞ্জ।”

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)