১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুধু ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই’ সমাজ বদলাবে না: পরিবেশ উপদেষ্টা

“উন্নয়ন এমনভাবে করতে হবে, যাতে প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে,” বলেন তিনি।

শুধু ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই’ সমাজ বদলাবে না: পরিবেশ উপদেষ্টা
রাজধানীর সেনানিবাস এলাকায় সেনাপ্রাঙ্গণে শনিবার ইউনিভার্সিটি অব স্কলারসের প্রথম সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন পরিবশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 05:53 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

শব্দদূষণ, পলিথিন দূষণ বিষয়ে শিক্ষার্থীদের কাজ করার অনুরোধ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই’ সমাজ বদলাবে না।

তিনি বলেন, “পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

শনিবার ইউনিভার্সিটি অব স্কলারসের প্রথম সমাবর্তনে ‘কনভেনশন প্রেসিডেন্ট’ হিসেবে রিজওয়ানা হাসান বক্তব্য রাখেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও নিতে হবে। 

“শিক্ষার প্রকৃত মূল্যায়ন হয় তখনই, যখন তা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না, বরং বাস্তব কর্মের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।” 

উপদেষ্টা বলেন, “পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন এমনভাবে করতে হবে, যাতে প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”

‘প্রকৃতিকে পরাজিত করা যায় না’ মন্তব্য করে তিনি বলেন, “বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তুলতে হয়। পরিবর্তিত বিশ্বে আমাদের জীবনযাত্রাকে টেকসই করতে হবে।”

রিজওয়ানা হাসান বলেন, “আপনাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। তাই নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।”

ব্যবস্থাকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, সমাজ ও দেশকে নিয়েও ভাবতে হবে। সেবা প্রাপ্তি সহজ করতে হবে, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। 

“এখন সময় এসেছে দেশের জন্য কাজ করার, সমাজের জন্য অবদান রাখার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

সামাজিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রায়ই অন্যের ওপর দোষ চাপাই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে। আমাদের অবস্থান থেকে সচেতন হলেই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব।”

রাজধানীর সেনানিবাস এলাকায় সেনাপ্রাঙ্গণে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এনামুল বাসার। 

‘কনভোকেশন স্পিকার’ হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ বিতরণের পাশাপাশি স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের সনদ ও পদক দেওয়া হয়।