হজের খরচ কমছে, জানালেন উপদেষ্টা
“হজের মত পবিত্র কাজেও সিন্ডিকেট কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে।”
হজের খরচ কমিয়ে ‘যৌক্তিক’ পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা বলেন, “হজ মুসলমানদের জন্য একটা বড় ব্যাপার। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে।
“হজের যে খরচ সেটি যৌক্তিক পর্যাযে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছ। কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব সেই প্রাথমিক আলোচনা সেটি হয়েছে।”
গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন পাঁচ লাখ ৭৯ হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে। ১ সেপ্টেম্বর থেকে যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
গত ২৬ অগাস্ট ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
