২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জিঁরুকে ছাড়িয়ে ফ্রান্সের রেকর্ড গোলদাতা এখন এমবাপে

বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পথে এগিয়ে চলা এই তারকা ছাড়িয়ে গেলেন লিওনেল মেসিকে।

জিঁরুকে ছাড়িয়ে ফ্রান্সের রেকর্ড গোলদাতা এখন এমবাপে
গোলের পর কিলিয়ান এমবাপের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 03:17 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

দুটি প্রস্তুতি ম্যাচে গোল না পাওয়ার পর, কিলিয়ান এমবাপে মজা করেই হয়তো বলেছিলেন, বিশ্বকাপের জন্য জমিয়ে রাখছেন তিনি। কিন্তু বাস্তবে সেটাই সত্যি হয়ে ধরা দিল। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নেমে জোড়া গোল করে দলকে জেতালেন, একই সঙ্গে গড়লেন রেকর্ডও।

নিউ জার্সি স্টেডিয়ামে মঙ্গলবার ‘আই’ গ্রুপে সেনেগালের বিপক্ষে তার নৈপুণ্যেই ৩-১ গোলে জিতেছে ফ্রান্স। দলের প্রথম ও শেষ গোলটি করেন এমবাপে।

জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৫৮টি, ৯৯ ম্যাচে। ফ্রান্সের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ গোলদাতা। ছাড়িয়ে গেলেন সাবেক স্ট্রাইকার অলিভিয়ে জিঁরুকে।

জিঁরু ৫৭টি গোল করেছিলেন ১৩৭ ম্যাচে। গোলমেশিন হয়ে ওঠা এমবাপে অনেক কম ম্যাচ খেলেই সাবেক সতীর্থকে ছাড়িয়ে গেলেন।

গোলশূন্য প্রথমার্ধের বর্ণহীন পারফরম্যান্সে পর, ৬৬তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। ওলিসের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে আলতো শটে গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান তিনি।

পরে ব্র্যাডলি বার্কোলা বদলি নেমেই ব্যবধান বাড়ান। শেষ দিকে সেনেগাল ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও, তা হতে দেননি এমবাপে। যোগ করা সময়ের প্রতিপক্ষের ওই গোলের পরের মিনিটেই অনেক দূর থেকে, বুলেট গতির শটে ব্যবধান গড়ে দেন রেয়াল মাদ্রিদ তারকা এবং একই সঙ্গে রেকর্ডটি নতুন করে লেখেন।

বয়স তার মাত্র ২৭, তাই এই রেকর্ডটাকে হয়তো ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন এমবাপে।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথেও বেশ দ্রুততায় এগিয়ে চলেছেন এই ফরোয়ার্ড। ১৬ গোল করে রেকর্ডটি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার। 

এতদিন এই তালিকায় ১২ গোল নিয়ে কিংবদন্তি পেলের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন এমবাপে। ১৩টি করে গোল করেছেন জুস্ত ফঁতেন ও লিওনেল মেসি। তাদের সবাইকে ছাড়িয়ে, ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে বসলেন এমবাপে, যেখানে তার সঙ্গী জার্মান গ্রেট জার্ড মুলার।

১৫ গোল নিয়ে দুইয়ে ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো ও ১৬ গোল নিয়ে চূড়ায় ক্লোসা।

চলতি বিশ্বকাপেই হয়তো শীর্ষস্থানে উঠে বসবেন এমবাপে। একই সম্ভাবনায় আছেন মেসিও। 

আরও পড়ুন-

এমবাপের জোড়া গোল, ফ্রান্সের দারুণ জয়