সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ‘ভোট কারচুপি’: আইনজীবী সাগর কারাগারে
এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৫ জনকে আসামি করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপি, বিএনপির আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আবু সাইদ সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, “শাহবাগ থানার মামলায় আবু সাইদ সাগর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
গত ১৪ অগাস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৫ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণীতে বলা হয়, ২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যায় নীল প্যানেলের প্রার্থী ও সমর্থকরা জানতে পারেন, আওয়ামীপন্থি আইনজীবীরা গোপনে ব্যালটে সিল মারছেন। প্রতিবাদ করতে গেলে কয়েকজন আইনজীবী মারধরের শিকার হন। পরের দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সমিতির মিলনায়তনে ৪০-৫০ জন আইনজীবী ও শতাধিক পুলিশ সদস্য বিএনপি সমর্থিত প্রার্থী ও ভোটারদের ওপর হামলা চালান। এ সময় মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজন প্রার্থী ও সদস্য গুরুতর আহত হন। নারী আইনজীবীদেরও মারধর ও হেনস্থা করা হয়।
অভিযোগে বলা হয়েছে, আইনজীবী রাসেল আহম্মেদ, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন রিগানসহ প্রায় তিন শতাধিক আইনজীবীকে লাঠি, রাইফেলের বাঁট ও বুট দিয়ে আঘাত করা হয়।
ভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর, কাচ ভেঙে ফেলা, পুলিশের প্রবেশে সহযোগিতা, সাংবাদিকদের ওপর হামলারও অভিযোগ রয়েছে।
