১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি সুবেদ আলী, মৃণাল কান্তিসহ ২৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

“তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:52 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসসহ ২৭ জনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিততে ঢাকা ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা বাকিরা হলেন- মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাশেদুল আলম, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোছাম্মৎ ইসরাত জাহান, শেয়ার হোল্ডার ইজাজ আবরার।

এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের এমডি আরিফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ গোলাম সরওয়ার, ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা, এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ার, ওই কোম্পানির আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দীন, মহিন উদ্দিন, নুর করিম ও মোক্তার হোসেন পাটোয়ারীর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আটটি পৃথক আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।

দুদকের উপপরিচালক (প্রসিকিশন সার্ভিক) আমিনুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।”