১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় সহায়তার প্রতিশ্রুতি চীনের

“নদী দূষণ নিয়ন্ত্রণ, সৌর শক্তি, বৈদ্যুতিক যানবাহন, বন্যা নিয়ন্ত্রণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করবে চীন,” বলেন রাষ্ট্রদূত।

বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় সহায়তার প্রতিশ্রুতি চীনের
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 06:21 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার কথা জানিয়ে দেশের বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, “চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। নদী দূষণ নিয়ন্ত্রণ, সৌর শক্তি, বৈদ্যুতিক যানবাহন, বন্যা নিয়ন্ত্রণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করবে চীন।”

বুধবার পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে দেখা করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতার আগ্রহ ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ইয়াও ওয়েন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় সহায়তায় আগ্রহ দেখিয়েছে চীন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “তারা বন্যার সময় পানি সম্পর্কিত তথ্য ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েছে। চীন দুই দেশের মধ্যে প্রযুক্তি সহযোগিতা ও প্রশিক্ষণ বাড়ানোরও প্রস্তাব দিয়েছে।”

তিনি বলেন, “পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে নদী ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ ও অবকাঠামো প্রকল্পে একসঙ্গে কাজ করা যাবে।

“পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের মত বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি।”