২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন হত্যা: পাঁচ আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয় মামুনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে অস্ত্র আইনের মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান।

আসামিরা হলেন- মো. ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ ওরফে জীবন (৪২)।

পুলিশ বলছে, এদের মধ্যে ফারুক ও রবিন সরাসরি হত্যায় অংশ নেন; তারাই গুলি করেন।

ফারুক, রবিন, শামীম ও রুবেলকে মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। আর ঢাকার রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইউসুফকে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিরা সংঘবদ্ধ সশস্ত্র অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পরস্পর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ‘টাকার বিনিময়ে’ ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় ‘হত্যা, ডাকাতি আর ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন’।

আবেদনে আরও বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য, অস্ত্রের সন্ধান ও সহযোগীদের ব্যাপারে তথ্য জানা ও তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “ফারুক ও রবিন কোর্ট অঙ্গনের পাশে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে মামুনকে গুলি করে পালিয়ে যায়। তারা তাকে প্রকাশ্যে হত্যা করে। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। আমরা সবাই দুপুরে ব্যস্ত থাকি। তখন তারা এ ঘটনা ঘটিয়েছে।”

এ আইনজীবী বলেন, “যেহেতু তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিষয়ে রাষ্ট্র কঠোর অবস্থানে। দেশে ‘হ-য-ব-র-ল’ অবস্থা। তারা আরও কী করে না করে। তাদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

আসামিদের পক্ষে অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমান রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “খুনের বিষয়ে থানায় অভিযোগ বা পদক্ষেপ নেয়নি পরিবার। গত ১০ নভেম্বরের ঘটনা। আজ ১২ নভেম্বর। তারা গ্রেপ্তার গতকাল। আবার ঢাকা থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় গেল আবার এল। এতেও দুইদিন সময় লাগে। আর অস্ত্র উদ্ধার হয়ে গেছে। এ ঘটনায় অস্ত্র ব্যবহার হয়েছে এমন প্রমাণও হয়নি। অস্ত্র উদ্ধার হয়ে গেছে। রিমান্ডের প্রয়োজন নেই। রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।”

এরপর রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, “ভিকটিম বা পরিবারের কেউ মামলা না করলে রাষ্ট্র বাদী হয়ে মামলা করতে পারে। কোর্ট অঙ্গনে এমন দুঃসাহস। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা জানা দরকার।”

শুনানি নিয়ে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

পুরান ঢাকার আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সোমবার বেলা ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় মামুনকে। এ ঘটনায় কোতয়ালী জোনাল টিমের এসআই কৃষ্ণ কুমার দাস মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়, সেদিন সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে ‘কতিপয় দুষ্কৃতিকারী’ দিনে-দুপুরে জনম্মুখে মামুনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কোতয়ালী জোনাল টিমের এসআই কৃষ্ণ কুমার দাস ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছায়া তদন্ত শুরু করেন। ছায়া তদন্তকালে এ হত্যার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তথ্য পেয়ে বিশেষ অভিযানে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এজাহারে বলা হয়, আসামিরা হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে আসামি ইউসুফ মোহাম্মদপুরের রায়ের বাজারের রশিদ ম্যানশনের পেছনের একটি বাড়ি থেকে দুটি পিস্তল ও গুলি বের করে দেন। জব্দ করা অস্ত্রের মধ্যে ফারুক ও রবিন হত্যায় ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেন। তারা দুজন একাধিকবার গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। তারা ‘স্বীকার করেন’, দুই লাখ টাকা পেয়ে তারা হত্যাকাণ্ডে অংশ নেন। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা এবং হত্যাকাণ্ডের সময় ব্যবহত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-

অন্তঃকোন্দলে '২ লাখ টাকায় ভাড়াটে খুনি' দিয়ে মামুনকে হত্যা: ডিবি

গুলিতে নিহত মামুন আদালতে এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও

এলোপাতাড়ি গুলি: আরেক 'সন্ত্রাসী' ইমনের নাম বলেছে মামুন

এক সময়ের 'শীর্ষ সন্ত্রাসী' তারিক সাইফ মামুনকে দিনে দুপুরে গুলি করে হত্যা

মামুন হত্যা: সেই দুই 'অস্ত্রধারীসহ' ৫ জন গ্রেপ্তার