Published : 10 Nov 2025, 03:48 PM
আসন্ন ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সাধারণ ছুটি থাকছে ১৪ দিন, নির্বাহী আদেশে থাকছে আরও ১৪ দিনের ছুটি।
রোববার জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা যায়, সাধারণ ও নির্বাহী আদেশের ২৮ দিনের ছুটির মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবার।
গতবারের মতই রোজার ঈদে মোট ৫ দিন, কোরবানির ঈদে মোট ৬ দিন এবং দুর্গা পূজায় দুই দিন ছুটি থাকবে এবার।
পাশাপাশি নির্দিষ্ট কিছু উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে। মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিষ্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে ২ দিন করে ছুটি নেওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে।
বাংলাদেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ তালিকা অনুযায়ী ছুটি পালন করা হবে।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুযায়ী ‘জনস্বার্থ বিবেচনা করে’ ছুটি ঘোষণা করবে।
২০২৬ পঞ্জিকা বর্ষের সরকারি ছুটির এই তালিকা গত বৃহস্পতিবার অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।