২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেট্রো স্টেশনে নাশকতা: রিমান্ড শেষে কারাগারে নুর

এ নিয়ে কোটা আন্দোলনে সহিংসতার দুই মামলায় নুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 10:24 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

ঢাকার কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় রিমান্ড শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার নুরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী।  

ঢাকার মহানগর হাকিম সাদ্দাম হোসেন শুনানি শেষে নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী মো. পারভেজ জানান। 

এর আগে রোববার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম নুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর গত ২২ জুলাই কাফরুল থানায় এ মামলা করেন। সেখানে অজ্ঞাতনামা ৫০০০-৬০০০ জনকে আসামি করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ‘সরকারবিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে’ দুর্বৃত্তরা লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়।

তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে মেট্রোরেল স্টেশনের ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। 

এ মামলার আগে সেতু ভবনে হামলার মামলায় নুরকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।