২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, ভর্তি ১২১৪ রোগী

রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৩৬ জনের।

ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, ভর্তি ১২১৪ রোগী
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 06:39 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ৪৩৬ জনের প্রাণ গেল এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২১৪ জন রোগী। তাতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৮ জনে।

এদের মধ্যে গত একদিনে যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫৮ জন, ঢাকা বিভাগে ৪০৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে এদিন সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০ হাজার ৫০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৮২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৬০ জন; আর ২৩২২ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫০ হাজার ৪১০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬০০ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবরে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের।

নভেম্বরের প্রথম ২১ দিনে ২২ হাজার ৫৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।